জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী
স্টাফ রিপোর্টার: জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল অঙ্গীকার। একই সাথে দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ধারায় পরিচালনা করতে বিএনপি সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) এক বাণীতে এসব কথা বলেন তিনি।
বাণীতে রিজভী বলেন, "আজ থেকে ৪৮ বছর আগে দেশমাতৃকার এক চরম ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই দলটি কাজ করে আসছে।"
প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী 'গণতন্ত্রের মা' মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে আন্দোলন-সংগ্রামে দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশবাসী ও সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল চালিকাশক্তি। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচিই দলের রাজনৈতিক ও সামাজিক আদর্শের মূল ভিত্তি। তিনি বলেন, দীর্ঘকালের দুঃশাসন শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অবাধ নির্বাচনের মাধ্যমে যে নতুন সম্ভাবনার সূর্য উদিত হয়েছে, তা বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করছেন।
আইনের শাসন, মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা