জামায়াতের সঙ্গে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ প্রতিনিধি দল। আজ সোমবার (১৮ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলসমূহের সক্রিয় ভূমিকা পালন এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও দুই পক্ষ থেকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ও শান্তিপূর্ণ ভূমিকার প্রশংসা করে প্রতিনিধি দলটি। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করবে। জামায়াত নেতারাও দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ ভবিষ্যতে তাদের বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন উপস্থিত ছিলেন। অন্যদিকে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।