প্রথমবার ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, কর্মশালা উদ্বোধন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পৌঁছেছেন তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত এক বিশেষ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপস্থিত হন।
ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এলেও, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ঢাবিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর। ইউজিসি চেয়ারম্যানের মতে, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তৈরিতে এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই আয়োজনে মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।