ঢাকায় বসছে ২৮টি পশুর হাট

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
ঢাকায় বসছে ২৮টি পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে এবার গাবতলীর স্থায়ী হাটসহ মোট ২৮টি পশুর হাট বসার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি হাট বসবে। হাটগুলোর ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে দুই সিটি কর্তৃপক্ষই এবার কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্তভাবে পরিচালনা করা হচ্ছে। সবাইকে সুযোগ দিতে তিন ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যে ১০টি হাটের ইজারা চূড়ান্ত হয়েছে এবং বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। কোনো ধরনের অনিয়ম হলে আপিলের সুযোগও রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম দাবি করেছেন, এবার ইজারা প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। নির্দিষ্ট সময়ের আগে এবং নির্ধারিত সীমানার বাইরে কোথাও হাট বসালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনভোগান্তি এড়াতে ইজারাদারদের নির্ধারিত নিয়ম মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। উৎসবের আমেজে পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

জান্নাত/সকালবেলা