বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক

সকালবেলা প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনভর বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলস্টেশন এলাকা, পুলিশ বক্স, প্রবেশপথ ও ভিআইপি রোডজুড়ে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী ও ২৩ জন পুরুষ রয়েছেন। এর মধ্যে শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

এডিসি নিয়াজ মেহেদী আরও বলেন, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাতের কারণে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছিল। শৃঙ্খলা ফেরাতে পরিচালিত ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন