সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১২৪টি হজ ফ্লাইটে ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (৮ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পৌঁছে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫৩৪ জন সৌদি আরব গিয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন, যার কার্যক্রম তদারকি করছে ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ১২৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এ পর্যন্ত সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে ২ জন নারী হজযাত্রী রয়েছেন। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম চলমান রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি আরবে আবাসন ও আনুষঙ্গিক সেবা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩০ জুন শেষ ফ্লাইটের মাধ্যমে সকল হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জান্নাত/সকালবেলা