প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি
দেশের প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়তে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্র কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বরং রাষ্ট্রব্যবস্থা তাদের এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে পাশে থাকবে। তিনি পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নারীদের কেন্দ্রবিন্দু হিসেবে অভিহিত করেন এবং স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে তাঁদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডা. জুবাইদা রহমান কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে উৎসাহ প্রদান। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা। উৎপাদিত পণ্যের জন্য সঠিক মার্কেটিং সাপোর্ট বা বাজারজাতকরণ নিশ্চিত করা।
তিনি বিশ্বাস করেন, এর ফলে পারিবারিক সচ্ছলতা বাড়বে, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ হবে এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান পুনাকের কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন। এরপর তিনি রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ।
জান্নাত/সকালবেলা