অকার্যকর কারখানায় আর অর্থ ব্যয় নয়: পাটমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
অকার্যকর কারখানায় আর অর্থ ব্যয় নয়: পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "সাস্টেইনেবিলিটি (স্থায়িত্বশীলতা) এখন আর কেবল একটি স্লোগান নয়; এটি এই শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যতে টিকে থাকার অপরিহার্য শর্ত।"

শনিবার (১৬ মে) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ‘টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পে সম্পদ ব্যবহারের মিতব্যয়িতার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত। বিদ্যুৎ, গ্যাস ও পানি—সবকিছুই আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই শিল্পকারখানায় শক্তি সাশ্রয়, পানির পুনঃব্যবহার (রিসাইকেল), সার্কুলার উৎপাদন ব্যবস্থা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।"

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের তৈরি পোশাক শিল্প গত কয়েক দশকে অসাধারণ সাফল্য অর্জন করলেও আমাদের রপ্তানি মূলত সীমিত কিছু পণ্যের ওপর নির্ভরশীল। বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এবং সম্ভাব্য এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার অনুসন্ধানে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে স্পোর্টসওয়্যার, ম্যান-মেড ফাইবারভিত্তিক (কৃত্রিম আঁশ) পোশাক, টেকনিক্যাল টেক্সটাইলসহ উচ্চমূল্য সংযোজিত পণ্যে দ্রুত অগ্রসর হতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

সরকারের বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা পুনঃব্যবহার ও চালুর প্রসঙ্গে মন্ত্রী এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, "পুরোনো ও জরাজীর্ণ যন্ত্রপাতি অপরিবর্তিত রেখে কোনো অকার্যকর কারখানায় নতুন করে সরকারি অর্থ ব্যয় বা অপচয় করা হবে না। বরং শিল্প ভেদে উপযোগী সমাধানের মাধ্যমে কোথাও আধুনিক শিল্পপার্ক গড়ে তোলা হবে, আবার কোথাও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথবা লিজের মাধ্যমে নতুন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এই পুরো প্রক্রিয়ায় বেসরকারি খাতের অভিজ্ঞ উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" টেক্সটাইল খাতের পাশাপাশি চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিংয়ের (জাহাজ নির্মাণ) মতো সম্ভাবনাময় খাতগুলোকে আধুনিক প্রযুক্তির সাহায্যে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক খান, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইউব নবী খান, মো. আব্দুল হামিদ এবং ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান এবং সমাপনী বক্তব্য দেন ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়ছার। পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ইনোভেশন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।