সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় যেসব অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে:
রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উপরোক্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে সাবধানে চলাচল করতে এবং নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জান্নাত সকালবেলা
|