সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়: ধর্ম প্রতিমন্ত্রী
চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (

নিজস্ব প্রতিবেদক: সরকারের একার পক্ষে সমাজের বিদ্যমান সব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, “একটি সুন্দর, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে রাষ্ট্র ও প্রশাসনের পাশাপাশি সমাজ, আলেম-ওলামা, ইমাম এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে স্থানীয় আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের অন্তরে সত্য, ন্যায়, সততা ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে সমাজের আলেম ও ইমাম সমাজের ভূমিকা অপরিসীম। ইমামদের শুধু নামাজের ইমামতির মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না; তাঁদের হতে হবে মুত্তাকিদের ইমাম। এ জন্য নিজেদের ব্যক্তিগত ও কর্মজীবনেও সততা, তাকওয়া এবং ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

মসজিদের বহুমাত্রিক সামাজিক তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, “মসজিদ কেবল আনুষ্ঠানিক নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজ গঠনের প্রাথমিক পাঠশালা এবং মানুষের নৈতিক ও সামাজিক শিক্ষার এক অনন্য কেন্দ্র। সম্মানিত ইমামরা তাঁদের জুমার খুতবা, ওয়াজ-মাহফিল ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সমাজে বিদ্যমান মাদকাসক্তি, সন্ত্রাস, দুর্নীতি, অবিচার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী জনসচেতনতা গড়ে তুলতে পারেন।”

চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, প্রশিক্ষণার্থী ইমাম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন