লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় গত ১১ মে ইসরাইলি ড্রোন হামলায় মর্মান্তিকভাবে নিহত দুই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মরদেহ আজ ভোরে দেশে এসে পৌঁছেছে। নিহত দুই প্রবাসী হলেন শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। আজ রবিবার (৭ জুন) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সশরীরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে তিনি বিমানবন্দরেই কান্নায় ভেঙে পড়া নিহতদের পরিবারের সদস্যদের কাছে কফিন দুটি হস্তান্তর করেন।

মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই দুই প্রবাসীর অকাল ও অত্যন্ত মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। নিহতদের পরিচয় উল্লেখ করে জানা গেছে, শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা, তাঁর পিতার নাম আফসার আলী এবং মাতার নাম আজেয়া খাতুন। অপরদিকে, নিহত মো. নাহিদুল ইসলাম নাহিদ একই জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বাসিন্দা, তাঁর পিতার নাম মো. আব্দুল কাদের এবং মাতার নাম নূরনাহার খাতুন। তাঁরা উভয়েই জীবন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে লেবাননে কর্মরত ছিলেন এবং দেশে নিয়মিত কষ্টার্জিত রেমিট্যান্স পাঠিয়ে পরিবার সচল রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, মরদেহ দুটি বহনকারী কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট (কিউআর-০৪২৭) গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরবর্তীতে দোহার ট্রানজিট শেষে কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (কিউআর-০৬৪২) যোগে আজ রোববার ভোরে (৬ জুন দিবাগত মধ্যরাতে) কফিন দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল আইনি ও দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাস সংশ্লিষ্ট লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট, মরদেহ দেশে পাঠানোর আইনি অনুমতিপত্র এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রস্তুতি সম্পন্ন করে। বাংলাদেশ সরকার লেবাননের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে কর্মরত সাধারণ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।