লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: থানা ও বিভিন্ন দপ্তর থেকে লুট হওয়া এবং দেশের সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য পেতে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিগত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভায় পুলিশ কর্মকর্তারা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসী ও অস্ত্রধারী অপরাধীদের দমন, প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন রসদ ও লজিস্টিকস সহায়তার সার্বিক চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেন।
পুলিশের এসব চাহিদা ও দাবি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা প্রদান করা হবে।” সভায় তিনি কর্মকর্তাদের জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও কঠোরতার সাথে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।
পর্যালোচনা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধনে পুলিশ বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও উন্নত হবে।”
তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য দিতে পারেন, সেজন্য তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কার্যকর অভিযান পরিচালনা করা হবে।