খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার
অনলাইন ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা করবেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান আগামী ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটির তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য সম্পূর্ণ নিজ উদ্যোগে এই জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর এক যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কর্তৃপক্ষ আশা করছে খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে।
আগামী ৪ জুলাই তেহরান ও কোম শহরে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগামী ৯ জুলাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত খামেনির জন্মস্থান মাশহাদ শহরে তাঁর দাফন সম্পন্ন হবে।
|