ঢাকায় ভিসা সেন্টার চালু করছে দক্ষিণ কোরিয়া
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, গতিশীল ও সুশৃঙ্খল করতে রাজধানী ঢাকায় নতুন একটি ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।
আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজধানীর বনানীতে এই কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, নতুন এই কেন্দ্রটি চালুর পর থেকে সাধারণ ভিসা আবেদন জমা দেওয়া এবং পাসপোর্ট সংগ্রহের সমস্ত কার্যক্রম দূতাবাসের পরিবর্তে কেবল এই আবেদন কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত ও প্রক্রিয়াজাত করা হবে।
তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে বর্তমান নিয়মই বহাল থাকবে। সংশ্লিষ্ট কূটনৈতিক নোটের (নোট ভার্বাল) ভিত্তিতে এসব বিশেষ ভিসা আবেদন গ্রহণ, পাসপোর্ট জমা ও ভিসা ইস্যুর সমস্ত কাজ আগের মতোই সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন হবে। এছাড়া নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত কনস্যুলার সেবাগুলোও যথারীতি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই প্রদান করা হবে।
নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা: ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা কেন্দ্রে আবেদনকারীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা কার্যকর থাকবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী এবং বিস্তারিত নির্দেশিকা আগামী ২৭ আগস্ট আলাদা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
ভিসা কেন্দ্রের দৈনিক সেবার সময়সূচি, আবেদন ফি, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য পরিচালনা সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে। ভিসা প্রত্যাশীদের দূতাবাসের অফিশিয়াল ঘোষণা ও নতুন নির্দেশিকা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়ার ফলে সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে এবং সেবার সার্বিক মান বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।
|