সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে এক বৈঠকে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো সুযোগ দেওয়া হবে না। আমি পরিষ্কার বলতে চাই, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো। এখানে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার, অবিচার বা জুলুম সহ্য করা হবে না।”
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে ভারত সরকারকে অনুরোধ করা হবে। ভারত গণতন্ত্র লালন করে, তাই আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু তারা যদি নিজ দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয়, তবে সেই শ্রদ্ধা আরও বাড়বে।” তিনি আরও যোগ করেন, “ভারতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে বাংলাদেশেও তার প্রভাব পড়তে দেওয়া যাবে না।”
বৈঠকে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “একটি ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বর্তমান বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করার বদলে কেবল বিব্রত করার চেষ্টা করছে।”
ধর্মমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা রক্ষা করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।