হাজিদের সুবিধা বৃদ্ধিতে রাষ্ট্রপতির আহ্বান, সহযোগিতার আশ্বাস সৌদির

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
হাজিদের সুবিধা বৃদ্ধিতে রাষ্ট্রপতির আহ্বান, সহযোগিতার আশ্বাস সৌদির

সকালবেলা ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গে এটিই কোনো বিদেশী কূটনীতিকের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার অনুরোধ জানান। পাশাপাশি দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

হাজিদের সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মিনায় শৌচাগার ও গোসলখানার আধুনিকায়নসহ নানা ব্যবস্থাপনা সুগম করার আহ্বান জানালে সৌদি রাষ্ট্রদূত ইতিবাচক ব্যবস্থার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি সৌদি আরবে কর্মরত ৩৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিকের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বার্তা জানান।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক ও প্রেস সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন