বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খান

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খান

সকালবেলা প্রতিবেদক: বিরোধীদলের প্রস্তাবিত ছায়া সরকার থেকে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) বাদ পড়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর মতে, জামায়াত ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসলেও প্রকৃত সরকার থেকে এনসিপি এভাবেই বাদ পড়বে।

বুধবার (২৬ আগস্ট) সকালে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা লিখেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, সাংগঠনিক সক্ষমতা না থাকা সত্ত্বেও ৭১-এর অপকর্ম ঢাকার কৌশল হিসেবে এনসিপিকে আসন ও নির্বাচনী খরচ দিয়েছিল জামায়াত। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি এনসিপিকে ব্যবহার করে ৭১-এর গণহত্যার দায় থেকে মুক্তি সম্ভব নয়।

ছায়াসরকার গঠন নিয়ে জামায়াতকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, এই ছায়াসরকারের মাধ্যমে ফেসবুকে ভাবমূর্তি তৈরি করা জামায়াত নেতাদের ক্ষমতায় যাওয়ার আক্ষেপ হয়তো কিছুটা কমবে। তবে ছায়াসরকারের প্রতিনিধিরা মিথ্যাচার বা অপপ্রচার চালালে জনগণ একে 'গুজব সরকার' বলে আখ্যা দেবে।

পাশাপাশি ছায়াসরকারে কোনো নারী নেতৃত্ব না রাখার সমালোচনা করে তিনি বলেন, জামায়াত নির্বাচনে নারী প্রার্থী না দিয়ে এবং ছায়ামন্ত্রিসভায় কোনো নারীকে না রেখে শুরুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিপরীতে বিএনপি নারী প্রার্থী দেওয়া ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নীতিতেই কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

এআইএল/সকালবেলা