বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ অসম্ভব: শীর্ষ উলামায়ে কেরাম

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ অসম্ভব: শীর্ষ উলামায়ে কেরাম

ঢাকা প্রতিনিধি: বিশুদ্ধ আকিদা ও ধর্মীয় বিশ্বাস ছাড়া ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রের প্রকৃত কল্যাণ ও উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই সর্বস্তরের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের আকিদাগত বিভ্রান্তি সম্পর্কে সদা সতর্ক থাকতে হবে। একই সাথে পবিত্র কুরআন, সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আদর্শকে জীবনে দৃঢ়ভাবে ধারণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক জাতীয় আলোচনা সভায় দেশের শীর্ষস্থানীয় আলেম ও বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলের যৌথ সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা রশিদ আহমদ শিব্বির (কিশোরগঞ্জ), মাওলানা লিয়াকত আলী, মুফতি মুনীর কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাযী, মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম, মুফতি মোহাম্মদুল্লাহ এমপি, মুফতি সালাহউদ্দিন দিলুরোড, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা আলী হাসান তৈয়বসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় ইসলামি স্কলারগণ।

ইসলামি চিন্তাবিদ ও বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর বিশুদ্ধ আকিদা সংরক্ষণ করা সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। নানামুখী অপসংস্কৃতি, ভ্রান্ত মতবাদ ও আধুনিক বিভ্রান্তির আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে কুরআন-সুন্নাহভিত্তিক সহিহ আকিদার শিক্ষা সর্বস্তরে পৌঁছে দিতে হবে। এই লক্ষ্য অর্জনে দেশের সকল আলেম-উলামা, খতিব, ওয়ায়েজ এবং দ্বীনি কর্মীদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম সমাজে ঈমান-আকিদার বিশুদ্ধতা রক্ষা এবং ভ্রান্ত চিন্তাধারার অপপ্রচার প্রতিরোধে দেশব্যাপী নিয়মিত দাওয়াতি কার্যক্রম, আলেমদের বিশেষ প্রশিক্ষণ এবং সর্বসাধারণের মাঝে জনসচেতনতামূলক উদ্যোগ আরও জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত খান বলেন, "বিশুদ্ধ আকিদাই একজন মুমিনের ঈমান, আমল ও উন্নত চরিত্রের মূল ভিত্তি। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালন—সবখানেই যদি এই বিশুদ্ধতা না থাকে, তবে শান্তি আসবে না।" তিনি উপস্থিত সবাইকে আকিদাগত ফেতনা থেকে সতর্ক থাকার এবং তা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। দিনব্যাপী এই মহাসভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলেম-উলামা ও খতিব উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন