২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিশেষ সংবাদদাতা: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সংস্কার উদ্যোগ এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি চূড়ান্ত হলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ভারতের সঙ্গে নতুন মাত্রায় কার্যকর ও ফলপ্রসূ সম্পর্ক তৈরির কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এছাড়া জাতিসংঘের এই অধিবেশন চলাকালে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত সময়ে দেশ থেকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সহযোগী একাধিক রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে বর্তমান সরকার।
এআইএল/সকালবেলা