একশ্রেণির রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
একশ্রেণির রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

বাসস: দেশে বিভ্রান্তি ছড়িয়ে একশ্রেণির রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা 'গুপ্ত' অবস্থানে ছিল, তারাই নতুন করে বিশৃঙ্খলা উসকে দিচ্ছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে বিভিন্ন সংকটে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি রাজপথে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের নির্বাচিত সরকার হিসেবে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে সরকার তা কঠোর হস্তে দমন করবে। প্রতিটি দল ও ব্যক্তির নিজ সীমার মধ্যে অবস্থান করা উচিত বলে স্মরণ করিয়ে দেন তিনি।

জ্বালানি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসের সাময়িক সংকটের কারণে শিল্পমালিকসহ সাধারণ মানুষ যে ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন, তার জন্য দল ও সরকারের পক্ষ থেকে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। অতি দ্রুত এ সংকট উত্তরণে কাজ চলছে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন