প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত এবং জাপান সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এই দুই দেশের সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও সম্প্রতি সম্পন্ন হওয়া সরকারের পররাষ্ট্র খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ভারত সফর ও স্পর্শকাতর ইস্যু:

ভারত সফরের বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচন, আসন্ন সংসদ অধিবেশনসহ অভ্যন্তরীণ নানা রাজনৈতিক ও সাংবিধানিক ব্যস্ততার কারণেই মূলত সফরসূচি পেছাচ্ছে। তবে শীর্ষ পর্যায়ের বৈঠক জটিল বিষয়গুলো সমাধানের পথ তৈরি করে জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশ চায় ভারত যেন আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল আচরণ করে।"

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে শামা ওবায়েদ কড়া বার্তায় বলেন, "বাংলাদেশে অপরাধ করে সাজাপ্রাপ্ত কোনো আসামি যদি ভারতের মাটিতে বসে বক্তব্য বা রাজনৈতিক তৎপরতা চালায়, তবে সেটি বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করবে না। এই স্পর্শকাতর বিষয়টি ভারতের গুরুত্বের সাথে মনে রাখা প্রয়োজন।"

জাপান সফর ও উন্নয়ন অংশীদারিত্ব:

জাপান সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "জাপান বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। সম্প্রতি অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনে (FOC) জাপানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।"

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প চালুকরণ এবং দক্ষ জনশক্তি প্রেরণের মতো কৌশলগত বিষয়গুলো চূড়ান্ত আলোচনার মাধ্যমে উপযুক্ত সময়েই প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।

সিঙ্গাপুর সফর ও জাতিসংঘের সাফল্য:

সম্প্রতি নিজের সফল সিঙ্গাপুর সফরের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সেখানে অবস্থানরত বিপুল পরিমাণ প্রবাাসীদের কর্মসংস্থান সুরক্ষাসহ বে টার্মিনাল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া, দায়িত্ব নেওয়ার বিগত ছয় মাসের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) সভাপতি পদে বাংলাদেশের জয়লাভকে সরকারের পররাষ্ট্র নীতির বড় কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যায়িত করেন শামা ওবায়েদ।

মন্তব্য করুন