জনগণের আস্থা ও প্রত্যাশার দল বিএনপি: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
জনগণের আস্থা ও প্রত্যাশার দল বিএনপি: প্রতিমন্ত্রী টুকু

মাভাবিপ্রবি প্রতিনিধি: বিএনপিকে একটি জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "বিএনপিকে মানুষ কখনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদ বলতে পারেনি। কারণ দলটির রাজনীতি সব সময় জনগণের আবেগকে মূল্যায়ন করেছে। জনগণ বিএনপির কাছে অনেক কিছু আশা করে এবং আমরাও সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছি।"

আজ শনিবার (২০ জুন) সকাল ১১টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় একাডেমিক ভবনের সেমিনারকক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করব। তিনি আজীবন মেহনতি ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এমনকি তৎকালীন দুর্ভিক্ষপীড়িত দেশকে রাতারাতি উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছিলেন তিনি।"

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। জিয়াউর রহমানের জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরে তিনি বলেন, "১৯৭৫ সালের বাকশাল গঠন ও মুজিব হত্যাকাণ্ডের সাথে যাঁরা জিয়াউর রহমানকে জড়াতে চান, তাঁরা মূলত সঠিক ইতিহাস জানেন না। তাঁদের সাকার জামিলের বিখ্যাত পুস্তকের কথা মনে রাখা উচিত। জিয়াউর রহমান কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা।"

সভার বিশেষ আলোচক মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম নিজের স্মৃতিচারণ করে বলেন, "আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতিতে এসেছি। তাঁর সাথে একসময় দেশ গড়ার লক্ষ্যে খাল খনন কর্মসূচিতেও অংশ নিয়েছি। তিনি ছিলেন একাধারে দেশপ্রেমিক, সৎ ও একজন ন্যায়পরায়ণ শাসক।"

উক্ত আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন