সংসদের সভাপতিমণ্ডলীতে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
সংসদের সভাপতিমণ্ডলীতে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য ঘোষিত পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর তালিকায় দ্বিতীয় অবস্থানে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক।

আজ রবিবার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হলে এই তালিকা ঘোষণা করা হয়। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন। সেই হিসেবে প্রথম অবস্থানের পর দ্বিতীয় শীর্ষ মনোনীত সদস্য হিসেবে সংসদ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক।

এবারের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঘোষিত এই তালিকায় ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক ছাড়াও প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। তালিকায় তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নাম। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকায় চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন এবং দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্মরণে শোক প্রকাশ করে নীরবতা পালন করা হয়।