পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: ভারতে অবস্থানরত পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত আনা একটি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো প্রচলিত আইন মেনে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনতে উভয় দেশের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান চলছে।
আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক আদালতের রায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আদালতের আনুষ্ঠানিক কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর যথাযথ আইনি প্রক্রিয়ায় ভারতের সঙ্গে যোগাযোগ জোরদার করা হবে। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর চিঠির অগ্রগতি নিয়ে তিনি জানান, ভারতীয় কর্তৃপক্ষের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিদের দেশে না ফেরানো পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা