দোসরদের কোনো পদ-পদবি দেওয়া যাবে না: সমাজকল্যাণ মন্ত্রী
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: দলের ভেতরে কোনো দোসরকে পদ-পদবি দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য বজায় রাখতে হবে। জাতীয় নির্বাচনে যা ঘটেছে, স্থানীয় নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য ছাড়া কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।"
দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং ক্ষমতার দম্ভ পরিহার করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে এক সুরে কথা বলতে হবে। ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনকে কাজে লাগিয়ে বিএনপিকে আবার ঘুরে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবনযাপনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দেশের মানুষ ও সার্বিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম বক্তব্য দেন। মতবিনিময় শেষে মন্ত্রী নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন।
এআইএল/সকালবেলা