সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের গণমাধ্যমগুলোকে শুধু বাণিজ্যিক চিন্তার মধ্যে সীমাবদ্ধ না থেকে, দায়িত্বশীলতার সাথে সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং সামগ্রিক উন্নয়নকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরার ব্রত নিয়ে গণমাধ্যমকে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (১৯ মে) একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের এক দশকে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর জোর দিয়ে বলেন, আগামী দিনে সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদনের ধারা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সাথে আধুনিক প্রযুক্তির নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে তথ্যপ্রযুক্তির এই যুগে বাংলাদেশকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের দর্শন ও উন্নয়ন ভাবনার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে বদলে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি সব ক্ষেত্রে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছেন। সেই উন্নয়ন যাত্রাকে বেগবান করতে এবং দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে সরকারের সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রাখতে দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান প্রতিমন্ত্রী। আলোচনা সভায় সংশ্লিষ্ট গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন