যে ছবি দেখে ভালুকায় গাড়ি থামালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
যে ছবি দেখে ভালুকায় গাড়ি থামালেন প্রধানমন্ত্রী

মো. জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এক অভাবনীয় ও আবেগঘন দৃশ্যের অবতারণা হয়েছে। আজ শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হওয়ার সময় হঠাতই নিজের গাড়িবহর থামিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজপথে এক নারীর হাতে থাকা ১৯৯১ সালের একটি ঐতিহাসিক আলোকচিত্রের ফ্রেম নজর কাড়লে তিনি প্রোটোকল ভেঙে গাড়ি থামিয়ে ওই নারীকে ভেতরে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ সকালে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই প্রথম সড়ক সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফকর উদ্দিন আহমেদ বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভালুকা বাসস্ট্যান্ডের ওভারব্রিজ এলাকা অতিক্রম করার সময় ধীরগতিতে চলা বহর থেকে তিনি হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছিলেন। ঠিক তখনই মহাসড়কের পাশে দুই বোনকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারীর হাতে বাঁধানো ছবির ফ্রেমে তাঁর দৃষ্টি আটকে যায়। মুহূর্তেই তিনি গাড়ি থামিয়ে বাসের দরজা খুলে ওই নারীকে ভেতরে ডেকে নেন।

প্রধানমন্ত্রীর বাসে ডাক পাওয়া ওই নারীর নাম মোছাঃ মলি আক্তার। তিনি সাবেক পুলিশ সদস্য মরহুম আব্দুল হাইয়ের কন্যা এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাসেমের ভাতিজি। মলির হাতে থাকা ছবিটি ছিল ১৯৯১ সালের এক ঐতিহাসিক মুহূর্তের জীবন্ত দলিল। ওই ছবিতে দেখা যায়, ১৯৯১ সালে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভায় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তৎকালীন সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ঠিক তাঁর পাশেই বসে আছেন মলির আপন চাচা মরহুম আবুল হাসেম। সেই সময় মলি আক্তারের মা নিজে মঞ্চে উঠে ফুলের তোড়া দিয়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছিলেন এবং সেই রাজকীয় স্মৃতিটিই পরিবারটি ফ্রেমে বাঁধাই করে রেখেছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাসের ভেতরে সাক্ষাতের সেই অবিশ্বাস্য অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত মলি আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ভালুকা হয়ে ত্রিশালে যাবেন শুনে আমি ও আমার দুই বোন সকাল থেকে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। তাঁর নজরে পড়ার জন্যই মূলত ছবিটি উঁচিয়ে ধরেছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি ছবিটি দেখে গাড়ি থামান এবং আমাকে বাসের ভেতরে ডেকে নেন। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমার ও আমাদের পরিবারের খোঁজখবর নেন। এরপর আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার মা ও চাচার তোলা সেই ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত ছবিটি তাঁকে উপহার দিই। তিনি হাসিমুখে সেটি গ্রহণ করেন।’

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৩, ২৪ ও ২৫ মে অনুষ্ঠিতব্য এই উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি তিনি ৪৭ বছর আগে (১৯৭৯ সালে) তাঁর পিতা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন করা ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজেরও আজ শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি বাসে বসে কথা বলার ঘটনাটি ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ.আই.এল/সকালবেলা