সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক: দেশের সাতটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৪ মে ২০২৬) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী— টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি সংশ্লিষ্ট অঞ্চলে জনমনে কিছুটা স্বস্তি আনতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জান্নাত/সকালবেলা