চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ
চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ‘ট্যুরিস্ট ভিসা’ বা পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিগত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কর্মীদের প্রত্যাহার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার অজুহাতে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রেখেছিল ভারত। দীর্ঘ প্রায় দুই বছর পর পুনরায় এই ভিসা ক্যাটাগরি চালু হওয়ায় দেশের সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস এক মতবিনিময় সভায় জানিয়েছিলেন, তৎকালীন সময়ে কেবল জরুরি মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর জন্য জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর আজকের এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া পুনরায় পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরলো।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, পূর্বের নিয়ম অনুসারেই আবেদনকারীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ই-টোকেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে পর্যটকদের চাপ সামাল দিতে ভিসা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন