শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন রিমান্ডে
রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাছিফ ও মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনমথ হালদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করলেও আদালত দীর্ঘ শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২ মে গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে ছিলেন।
গ্রেপ্তার ফারহান তানভীর নাছিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। মামলার এজাহার অনুযায়ী ঘটনার সময় গত ২ মে ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে এই জমায়েত হয়। সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে ২০-২৫ জন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘কালো আইন’ বাতিলের দাবিতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
জান্নাত/সকালবেলা