রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
সকালবেলা অনলাইন: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত ও সক্রিয় সমর্থন প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশ্বমঞ্চের অন্যান্য সংকটের আড়ালে রোহিঙ্গা ইস্যু যেন হারিয়ে না যায়, সে বিষয়ে জাতিসংঘসহ প্রভাবশালী দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে 'ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন' আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটিতে রোহিঙ্গা সংকটের বর্তমান চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দীর্ঘ নয় বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের ওপর মারাত্মক সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। এটি এখন আর কেবল মানবিক সংকট নয়, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি।"
সংকট উত্তরণে কেবল ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থেকে টেকসই সমাধানের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইনে দ্রুত নিরাপদ পরিবেশ সৃষ্টি করে তাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৌশল পুনর্নির্ধারণ করা এখন সময়ের দাবি।
এআইএল/সকালবেলা