ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: নির্বাচনী ইশতেহারের মূল দর্শন 'সবার আগে বাংলাদেশ'-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম তুলে ধরে তিনি জানান, অপকর্ম সংঘটিত হওয়ার আগেই তথ্য যাচাইয়ে কাজ করছে দুদকের ইন্টেলিজেন্স ইউনিট। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগে দ্রুত অভিযানে নামছে এনফোর্সমেন্ট ইউনিট। ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩ হটলাইনের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ নেওয়া হচ্ছে।

যেকোনো অনিয়ম, অপচয় ও ক্ষমতার অপব্যবহার রোধে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের অনিয়মের তথ্য পেলে 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন