বন্যাদুর্গতদের মাঝে হেফাজতে ইসলামের ত্রাণ বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
বন্যাদুর্গতদের মাঝে হেফাজতে ইসলামের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের হাতে সহায়তা তুলে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব এবং জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা মুফতি ইকরাম হোসাইন অদুদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাঁশখালীর বাহারছড়া, সরল ও ভাদালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বিলাছুরা, নন্দীপাড়া ও মেহেরনামা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়। হেফাজতের স্বেচ্ছাসেবকেরা দিনব্যাপী বিভিন্ন পানিবন্দী এলাকায় গিয়ে ঘরে ঘরে এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

ত্রাণ বিতরণকালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বন্যা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। হেফাজতে ইসলাম সবসময় মজলুম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু ত্রাণ বিতরণেই আমাদের দায়িত্ব শেষ নয়, বরং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও আমরা ভূমিকা রাখার পরিকল্পনা নিয়েছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এই দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালীর ছনুয়া, শেখেরখীল, শীলকূপ, গণ্ডামারাসহ আশপাশের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এআইএল/সকালবেলা