হেফাজত আমিরের আহ্বানে ইসলামি সাত দলের বৈঠক
বিশেষ প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামি দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কওমি ঘরানার বিভিন্ন দলের শীর্ষ নেতারা এক টেবিলে বসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও মাওলানা আইয়ুব বাবুনগরী।
ইসলামি দলগুলোর মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।
বৈঠকে উপস্থিত সাতটি ইসলামি দলের নেতৃবৃন্দ আগামীতে দেশের সার্বিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে একমত পোষণ করেন। সভায় দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় হাজার হাজার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি ও খাদ্যসামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই মুহূর্তে বন্যা-পরবর্তী পুনর্বাসন অত্যন্ত জরুরি।
দুর্যোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে ঈমানি ও সামাজিক দায়িত্ব উল্লেখ করে হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সংগঠনের জেলা ও উপজেলা শাখাগুলোকে বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|