হাজীদের আন্তরিকভাবে সেবা দিলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
হাজীদের আন্তরিকভাবে সেবা দিলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, "হজ যাত্রীদের সেবায় যারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।"

বুধবার (২০ মে) রাতে মক্কায় স্থাপিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার ঘুরে দেখার সময় তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী প্রতিটি কক্ষে গিয়ে অসুস্থ হাজীদের খোঁজখবর নেন এবং তাঁদের আর্থিক সাহায্য করেন। মন্ত্রী বলেন, "হজ যাত্রীরা আল্লাহর মেহমান। তাঁদের খেদমত করতে পারাটা সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, হজ কার্যক্রমে নিয়োজিত সবাই তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন।"

মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা মন্ত্রীকে জানান, সৌদি আরবে অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। কোনো কোনো দিন আড়াই হাজারেরও বেশি রোগীকে সেবা দেওয়া হয়েছে, যার ফলে মক্কায় চিকিৎসকদের ওপর চাপ একটু বেশি। তবে বাংলাদেশ থেকে যাওয়া দক্ষ চিকিৎসক দল দিনরাত পরিশ্রম করে হাজীদের সেবা দিয়ে যাচ্ছেন।

পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করে সাংবাদিকদের বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবার মান অনেক উন্নত হয়েছে এবং রোগীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।