সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের পাঁচটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার (৮ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকতে পারে এবং ঝড়ের সময় বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জান্নাত/সকালবেলা