বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ: বর্তমান সরকার সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ অভিবাসন প্রতিরোধ’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জসহ এ অঞ্চলের বহু মানুষ বিদেশে যান। তবে শুধু লোক পাঠালেই চলবে না, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ ও ভাষাদক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। বিদেশগামীদের দক্ষতা বাড়াতে সুনামেগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া ইতালি, আরব দেশ, জাপান, চীন ও কোরিয়ার চাহিদা বিবেচনায় ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরীয় ভাষা শেখার কোর্স সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাগরপথে অবৈধ অভিবাসন ও দালালাচক্র প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি এবং মানবপাচারকারী চক্রের বিস্তারিত তথ্য আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি মসজিদ-মন্দিরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানান।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কয়ছর এম আহমদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।

এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন