আগামী ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে বিভিন্ন সরকারি দপ্তরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরে এই তথ্য জানান। তিনি বলেন, দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক পরিকল্পনা তৈরি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে ওঠার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের ফলে দেশে জ্বালানি সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে চালু হওয়া ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থার আওতায় ইতিমধ্যেই ৩ লাখ ৮৭ হাজারের বেশি যানবাহন নিবন্ধিত হয়েছে। এছাড়া দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ২০২৯ সালের মধ্যে দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আন্তর্জাতিক দরপত্র আগামী মাসেই আহ্বান করা হবে।
মন্ত্রিপরিষদের নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও জানান, দেশে যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে সর্বোচ্চ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে ডিউটি ফ্রি সুবিধায় এই বাসগুলো আনতে পারে, সে লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে।