দেশটা ১৭ বছর আইসিইউতে ছিল: খাদ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
দেশটা ১৭ বছর আইসিইউতে ছিল: খাদ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বিগত ১৭ বছর দেশ দুর্নীতির দরুন আইসিইউর মধ্যে ছিল মন্তব্য করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বর্তমান সরকার সেই ভাঙাচোরা দেশকে আস্তে আস্তে পুনরুজ্জীবিত করছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা স্কুল মাঠে বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, "সবকিছু রাতারাতি অর্জন করা সম্ভব নয়, কারণ এই সরকারের বয়স মাত্র ৭ মাস। প্রধানমন্ত্রী দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ১৭ বছর পর দেশটাতে আস্তে আস্তে প্রাণ ফেরানো হচ্ছে, অচিরেই দেশটা শুভ অবস্থায় ফিরে আসবে।" নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির মূল শক্তি জনগণ, তাই সাধারণ মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না।

এর আগে একই স্থানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলপোশাক ও স্কুলব্যাগ বিতরণ করেন মন্ত্রী।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, শিশুদের কেবল বইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় বিএনপি নেতা কে এম ফেরদৌসের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা বিএনপির সদস্য গোলাম আবেদিন কায়সার, আলী আশরাফ, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিব ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন