কাল থেকে শিল্পে জ্বালানি সংকট কাটবে: মাহদী আমিন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
কাল থেকে শিল্পে জ্বালানি সংকট কাটবে: মাহদী আমিন

বিশেষ সংবাদদাতা: শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাহ্দী আমিন জ্বালানি খাতের এসব স্বস্তিদায়ক তথ্যের কথা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিল্প কারখানায় বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল চালুসহ বিদ্যমান দুটিসহ মোট পাঁচটি টার্মিনাল চালুর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যুতের ক্ষেত্রে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে সৌরবিদ্যুৎ (সোলার এনার্জি) খাতকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) পাশাপাশি ল্যান্ডবেজড টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

বিগত সরকারের সময় তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো এক রাতে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার প্রতিটি সংকটকেই নতুন সম্ভাবনার দুয়ার হিসেবে বিবেচনা করে টেকসই সমাধানের পথে হাঁটছে।

এআইএল/সকালবেলা