ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে দেশের সব বাজার, শপিং মল এবং খুচরা দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশ অনুযায়ী, নতুন এই সময়সীমা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে এবং এটি ঈদুল আজহার আগের রাত পর্যন্ত বহাল থাকবে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধ করার নিয়ম ছিল। তবে ঈদের উৎসবের মৌসুমে সাধারণ মানুষের কেনাকাটার কথা বিবেচনা করে এই সময়সীমা তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নিজ নিজ এলাকায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে দোকানপাট খোলা রাখার ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শও দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।