শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই

নিজস্ব প্রতিবেদক: দেশে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার প্রকৃত মান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমানে দেশে ৫৭টি পাবলিক এবং শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা সংখায় অনেক এগিয়ে গেছি, কিন্তু মান কতটুকু তা আমাদের জানা নেই। তাই বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনভিত্তিক শিক্ষা নিয়ে ভাবা জরুরি হয়ে পড়েছে।”

এক সময় বাংলাদেশে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসতেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই অবস্থান এখন আর নেই। সরকার এখন আউটকামভিত্তিক (ফলাফল নির্ভর) শিক্ষাব্যবস্থা ও নতুন কারিকুলাম নিয়ে কাজ করছে যেন শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালায় শিক্ষার ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংযোজন, গবেষণায় উৎকর্ষ এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে। শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই রোডম্যাপের মাধ্যমেই দেশের উচ্চশিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।