দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনা দূর করতে কাজ করছে সরকার: ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক: বাংলাদেশে ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা আশানুরূপ বা ভালো অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, বিগত ১৮ বছরের অব্যবস্থাপনা দূর করে নগর যোগাযোগ ও পানি নিষ্কাশন প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে পরিচালিত উন্নয়ন ও সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উন্নয়নকাজে গতি আনার তাগিদ দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াতের কথা চিন্তা করে একসঙ্গে সব রাস্তার কাজ না ধরে ধাপে ধাপে এগোতে হবে। একই সঙ্গে তিনি কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যেই শতভাগ কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন।
রাস্তার উন্নয়ন ও খোঁড়াখুঁড়ির সময়ে জনগণের ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রাখতে ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজ পরিচালনা করার কথাও জানান ঢাকা উত্তরের এই প্রশাসক।