ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
এনপিবি প্রতিবেদক: ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি সরকার দখল হওয়া জমি দ্রুত ফেরত দেওয়ার উদ্যোগ নেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান সরকার ধর্মীয় পরিচয়ে কারও সঙ্গে কোনো বৈষম্য করবে না।” হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করলে সমাজ ও দেশ থেকে সব ধরনের অশুভ শক্তির বিনাশ ঘটবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে সর্বাগ্রে বাংলাদেশি ভাবতে হবে। ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা সবাই এক ও অভিন্ন বাংলাদেশি।”
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, স্বামীবাগ ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ এবং বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, সহসভাপতি বরকত উল্লাহ বুলু এবং গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা