ডিএনসিসির সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঐচ্ছিক তহবিলের অর্থ তছরুপ, অবৈধ দোকান বরাদ্দ এবং টেন্ডার বাণিজ্যের মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। প্রায় এক বছর প্রশাসকের দায়িত্বে থাকাকালীন তিনি এই তহবিল থেকে প্রায় ৭ কোটি ২২ লাখ টাকা নিয়মবহির্ভূতভাবে ব্যয় করেছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, আতিকুল ইসলাম ও মাহমুদুল হাসানের সময়কালে ঐচ্ছিক তহবিল থেকে মাসিক গড় খরচ ছিল প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। অথচ এজাজের সময়কালে এই মাসিক খরচ বেড়ে দাঁড়ায় ৬০ লাখ ৪০ হাজার টাকারও বেশি। এই অর্থ তিনি সিটি করপোরেশনের কর্মচারী, বিভিন্ন অফিসের লোক এমনকি বেনামে ভুয়া পরিচয়ে বিতরণ করেছেন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বা জাতীয় পরিচয়পত্র ছাড়া টাকা বিতরণের এই ঘটনাকে চরম অনিয়ম হিসেবে দেখছেন নগর-পরিকল্পনাবিদরা।
এজাজের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য
চিকিৎসা বা ঈদ সালামির নামে নিয়মবহির্ভূতভাবে নাম-বেনামে অর্থ বরাদ্দ। বনানী কাঁচাবাজারের পাশে ৩৩টি দোকান অবৈধভাবে বরাদ্দ দেওয়া। দায়িত্ব ছাড়ার ঠিক আগের দুই মাসে ৪৭টি তড়িঘড়ি টেন্ডার প্রদান। ই-রিকশা প্রকল্প ও গবাদি পশুর হাটের ইজারায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ।
সৈয়দা রিজওয়ানা হাসানের পছন্দেই তাকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান চালাচ্ছে এবং আদালতে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, “পদে থাকা অবস্থায় কোনো প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হওয়া বিরল। তহবিলের পুরো অর্থ ব্যয় করার কোনো যৌক্তিকতা নেই এবং নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ না করা দুর্নীতির প্রমাণ বহন করে।”
এজাজ তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে অডিট হওয়ার দাবি জানালেও, তাকে বর্তমানে অনেকেই ‘নগরখেকো নগরপিতা’ হিসেবে অভিহিত করছেন। দুদকের এই নির্মোহ তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
জান্নাত সকালবেলা