সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী ঢাকার ডিসি

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী ঢাকার ডিসি

অনলাইন ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সবচেয়ে বেশি জাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দেশসেরা প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা জেলার বর্তমান ডিসি ফরিদা খানম।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সারা দেশের বিভিন্ন জেলার জাকাত সংগ্রহের তথ্য পর্যালোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফরিদা খানম যখন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বে ছিলেন, তখন তাঁর দূরদর্শী নেতৃত্বে ও বিশেষ ব্যবস্থাপনায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জাকাতের অর্থ সরকারি তহবিলে সংগৃহীত হয়। তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জানা গেছে, সরকারি জাকাত ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলাভিত্তিক সচেতনতামূলক প্রচারণা, সুধীজনদের সাথে সমন্বয় সভা এবং বিত্তবানদের জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এসব সময়োপযোগী উদ্যোগের ফলেই সরকারি জাকাত তহবিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অর্থ সংগ্রহের পরিমাণ বহুগুণ বেড়ে যায়।

এই গৌরবময় অর্জনের বিষয়ে বর্তমান ঢাকার ডিসি ফরিদা খানম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে আরও বেশি শক্তিশালী করতে সরকারি জাকাত তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই জাকাতের অর্থ প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলে সমাজে ইতিবাচক অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব।”

তিনি এই জাতীয় স্বীকৃতিকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, মানুষের সার্বিক কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো জনসেবামূলক ও মানবিক কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন