প্রতিবন্ধীরা সুযোগ পেলে সমাজে অভাবনীয় ভূমিকা রাখবে: সংস্কৃতিমন্ত্রী
এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: প্রতিবন্ধীরাও মানুষ, আর মানুষ সৃষ্টির সেরা জীব। সঠিকভাবে সুযোগ-সুবিধা পেলে প্রতিবন্ধীরাও সমাজে অভাবনীয় ভূমিকা রাখতে পারে। তবে তাদেরকে সেই সুযোগ দিতে হবে, তাহলে দেশের জন্য তারাও অভাবিত অবদান রাখবে। প্রতিবন্ধীদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে এবং তাদেরকে দেশের মূল স্রোতধারায় আনার চেষ্টা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বেলা ১১টায় মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি ব্রিজ সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, প্রতিবন্ধীদের সমাজ বা পরিবারের বোঝা না করে, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। তারা যাতে বাবা-মায়ের উপর নির্ভরশীল না হয়, সেজন্য সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ সময় তিনি প্রতিবন্ধী স্কুলটির সার্বিক উন্নয়নে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে অত্যন্ত আন্তরিক। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের জন্য বাজেটে গত অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
প্রতিবন্ধী স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ (অব.) বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম আহমেদ, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. এম এম রইস উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ফ্রোগার মেশিন, স্প্রে মেশিন ও সেলাই মেশিন উপকারভোগীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এআইএল/সকালবেলা
|