ইউনূস সরকারের অংশ হয়েও এনসিপি নেতারা অস্থিতিশীলতা তৈরি করছেন: বরকত উল্লাহ বুলু

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
ইউনূস সরকারের অংশ হয়েও এনসিপি নেতারা অস্থিতিশীলতা তৈরি করছেন: বরকত উল্লাহ বুলু
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

 দেশে মব সংস্কৃতির উত্থানের পেছনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের লাগামহীন কথাবার্তাকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি অভিযোগ করেন, তারা ইউনূস সরকারের অংশ থাকা অবস্থায়ও এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা প্রতিবেশী দেশ ভারতে বসে নানামুখী ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা রাষ্ট্রকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় তিনি বাকশালের প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে বলেন, বাকশাল কায়েমের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার কারণেই শেখ মুজিবের পতন অনিবার্য হয়ে উঠেছিল।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বরকত উল্লাহ বুলু সকল রাজনৈতিক ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান। তিনি দেশকে ভিন্ন কোনো পথে ধাবিত করার অপচেষ্টা থেকে সরে এসে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সুদৃঢ় বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।

মন্তব্য করুন