সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা।

আজ সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে দ্রুত হস্তান্তরের আবেদন জানিয়ে এই চিঠি পাঠানো হয়। চিঠির পাশাপাশি ওই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া চূড়ান্ত মৃত্যুদণ্ডের রায়ের একটি সত্যায়িত কপিও ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গের বিবরণ দিয়ে কর্মকর্তারা একটি গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বিগত সরকারের শীর্ষ ব্যক্তিদের আসামি করা হয়েছিল।

দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলাই হত্যাকাণ্ডে সরাসরি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, একই মামলায় পরবর্তীতে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

ট্রাইব্যুনালের দেওয়া ওই দণ্ডাদেশের পর থেকেই পলাতক আসামিদের ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করে সরকার। তারই ধারাবাহিকতায় এবার ভারতে অবস্থান করছেন বলে সংবাদ আসা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য মোদী সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি দিল বাংলাদেশ।

মন্তব্য করুন