১৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বিশেষ সংবাদদাতা: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের নতুন অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, কমিশন নতুন পাওয়া এসব গুরুতর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে উত্থাপিত নিয়োগ, বদলি ও পদায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগের পাশাপাশি নতুন এসব অর্থ পাচারের বিষয়টিও একই সঙ্গে অনুসন্ধান করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা ঘুষ গ্রহণ, সারাদেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে কোটি কোটি টাকার লেনদেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এছাড়া বিদেশে অর্থ পাচারের অভিযোগে উল্লেখ করা হয়—তিনি দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করেছেন। পাচার করা এসব অর্থ দিয়ে বিভিন্ন দেশে বিলাসবহুল ভিলা ক্রয়, পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে জমা রাখার তথ্য মিলেছে।
অভিযোগে আরও বলা হয়, নিজের দুই ভগ্নিপতি ও এক ভাগ্নের মাধ্যমে তিনি এই বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছেন।
এআইএল/সকালবেলা